২৬ কার্যদিবসে পাস ১০ বিল
স্টাফ রিপোর্টার: ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) আজ মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) সমাপ্ত হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পীকার চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় তিনি দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভ কামনা জানান।
উল্লেখ্য, গত ৭ জুন বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছিল। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছিলেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।
এই অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২৬ তারিখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পেশ করেন, যা ৩০ জুন সংসদে পাস হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ প্রাপ্ত হয়; এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫,০৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩,৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়েছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে এবং বাজেট আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। তবে কার্যদিবস বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত অধিবেশন চালানো হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়েছিল। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল। চলতি বাজেট অধিবেশনে ১২ মার্চ ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতা বজায় রাখতে ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদকসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেক ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
সব মন্তব্য
No Comments