স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের পর দেখা গেছে, গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিবেচনায় এবার এসএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট। এসব বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী।
ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। পাসের হারেও মেয়েদের অবস্থান ছেলেদের চেয়ে ভালো বলে ফলাফলে উঠে এসেছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১০ শতাংশ। সবচেয়ে কম পাসের হার সিলেট শিক্ষা বোর্ডে, ৫১ দশমিক ৮৮ শতাংশ। একই সঙ্গে এবার ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সমমান পরীক্ষার মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ, মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন ফরম পূরণ করে।
শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ফল দেখতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘SSC’ লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা বোর্ডের ক্ষেত্রে নমুনা হবে ‘SSC DHA ROLL 2026’। দাখিলের ক্ষেত্রে ‘SSC MAD ROLL 2026’ এবং কারিগরির ক্ষেত্রে ‘SSC TEC ROLL 2026’ লিখতে হবে। প্রতিটি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য।
ফলাফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ রয়েছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো পৃথক নির্দেশনা প্রকাশ করবে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ—এই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একই সময়ে ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আমরা চাই শিশু ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্য ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়াররম্যান অধ্যাপক ড. মামুন আহমে ...
সব মন্তব্য
No Comments