ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
স্টাফ রিপোর্টার: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদরাসা এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে ফিরে গেছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইট বিএস-৩৫০ এবং এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট জি৯-৫২৬ চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট বিজি-১২১ প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ আসা-যাওয়ার প্রায় সব ফ্লাইটই ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টির পর চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদরাসা এলাকায় রেললাইনের ওপর পানি উঠে গেলে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ৮১৬ নম্বর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে রাখা হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, পানি নেমে যাওয়ার পর প্রকৌশল বিভাগ রেললাইন পরিদর্শন করবে। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা ও কক্সবাজারগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
পাহাড়তলী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। ভূমিধ্বসের ঝুঁকি বাড়ায় ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালে বসবাসরত প্রায় ৬,৫৫৫ জনকে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাই মাসের মধ্যেই নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকা ...
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় শুধু প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও জানান, মা ...
স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক অর্থনীতির গুরুত্ব ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ সোমবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেছেন। ব্রিফি ...
সব মন্তব্য
No Comments