শিল্পকলায় চলছে যাত্রা উৎসব

প্রকাশ : 06 Nov 2024
শিল্পকলায় চলছে যাত্রা উৎসব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় চলছে “যাত্রা উৎসব ২০২৪”। যাত্রা উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিদিনই নানা শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটছে মুক্তমঞ্চে। আজও দর্শকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। আজ ৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৬ টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পরিবেশিত হয়েছে যাত্রাপালা ‍‘ফুলন দেবী’। যাত্রাদল শারমিন অপেরা’র পালায় নির্দেশনা দিয়েছেন শেখ রফিকুল এবং পালাকার ছিলেন পুর্নেন্দু রায়।


যাত্রাপালা ‘ফুলন দেবী’ এর কাহিনী সংক্ষেপ:


দস্যু ফুলন, গ্রামের সরল মেয়ে। দুই বোন এবং পিতা, তিনজনের সংসার। পিতা হতদরিদ্র, ভালো ঘরে বিয়ে দেওয়ার মত অর্থ সম্বল কিছুই নেই। নিরুপায় হয়ে মধ্য বয়স্ক পুতিলাল নামক এক লোকের সাথে বিয়ে দেয়। কিন্তু স্বামী মদ্যপ, জুয়ারী, চরিত্রহীন হওয়াতে সীমাহীন নির্যাতনের শিকার হন। ফুলন চলে আসে বাবার বাড়িতে। গ্রামে এসে সমাজের প্রভাবশালীদের লালসার শিকার হন। অসহায় হয়ে থানার ওসি সাহেবের কাছে আসলে বিতারিত হয়ে ফিরে যান। যখনই ফুলন প্রতিবাদী হয়ে উঠে আর তখনই সমাজের প্রভাবশালী বিচারপতিরা তাকে তাঁর পিতাসহ গ্রাম ছাড়া করেন। বাধ্য হয়ে প্রতিশোধের নেশায় ডাকাত দলে যোগ দিয়ে সে হয়ে উঠে দস্যু রাণী ফুলন।



পরবর্তী যাত্রাপালা:


৭-১১- ২০২৪


যাত্রাপালা- ‘নবাব সিরাজউদ্দৌলা’


আগামিকাল বৃহস্পতিবার পরিবেশিত হবে যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’। যাত্রা দলের নাম- যাত্রাবন্ধু অপেরা, পালাকার-শ্রী শচীননাথ সেন, পালা নির্দেশক- আবুল হাশেম।


যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ এর কাহিনী সংক্ষেপ:


বাংলা স্বাধীনতা সূর্য যখন ভূলন্ঠিত এবং হুমকির মুখে তখনি বাংলার বিহার উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার জন্য ঝাপিয়ে পড়েন। কিন্তু দেশীয় বেইমানদের ষড়যন্ত্রে ইংরেজদের সহযোগিতায় তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শেষ পযর্ন্ত পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা এর পতনের মাধ্যমে সমাপ্তি হয়।


‘‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ” প্রতিপাদ্যে উৎসব শেষ হবে আগামীকাল ৭ নভেম্বর ২০২৪। যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ০৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করছে। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রাপালা পরিবেশিত হবে।


সম্পর্কিত খবর

;