ঢামেক হাসপাতালের আশেপাশে ৩ মাসে ২৭ মরদেহ উদ্ধার

প্রকাশ : 28 Jul 2026
ঢামেক হাসপাতালের আশেপাশে ৩ মাসে ২৭ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের বলে জানা গেছে। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেগুলো মানুষের নজরের অনেকটাই বাইরে। হাসপাতালের পরিত্যক্ত স্থান, ভবনের আশপাশ এবং চত্বরের বিভিন্ন নির্জন স্থান থেকে এসব মরদেহ পাওয়া যায়।


সর্বশেষ সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা মেডিকেলের একটি অংশ থেকে দুই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


হাসপাতাল সূত্র জানায়, শীত ও গরমে ছিন্নমূল মানুষজন হাসপাতাল চত্বরে আশ্রয় নেন। অসুস্থতা ও চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হচ্ছে। ফুটপাত থেকেও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে এবং আনন্দবাজার এলাকা থেকে কয়েকজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।


এমন ঘটনা কমাতে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, হাসপাতাল এলাকায় নিয়মিত টহল, সিসিটিভি মনিটরিং বাড়ানো এবং ভবঘুরে ও অসহায় মানুষের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।


এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

;