সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট

প্রকাশ : 07 Aug 2026
বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট

স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।


সূত্রমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে রাতের টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।


পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া মাত্রই তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্র আরও জানায়, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা, পরিবহন কেন্দ্র এবং অন্যান্য সংবেদনশীল স্থানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার, চেকপোস্টে তল্লাশি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।


ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে বেতার বার্তার মাধ্যমে দেশের সব জেলা, রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটকে সতর্ক করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট প্রধানদের কাছেও বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


তবে শুক্রবার রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র এবং বায়ান্ন নিউজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। নতুন কোনো তথ্য বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত খবর

;