২০২১ সালে ঘর বেঁধেছেন যে তারকারা

প্রকাশ : 30 Dec 2021
No Image

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২১। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। করোনার প্রকোপ কিছুটা কাটিয়ে ফের নিয়মিত জীবনে ফিরেছে মানুষ। শোবিজ পাড়ার জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। এ বছর ঘর বেঁধেছেন বেশ কয়েকজন তারকা।

চলুন জেনে নেওয়া যাক এবছর কোন কোন তারকা শুরু করলেন নতুন জীবন।
হাবিব ওয়াহিদ
এবছর ১২ জানুয়ারি বিয়ের খবর জানান সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করে ঘরে তোলেন তিনি। এটি হাবিবের তৃতীয় বিয়ে। এর আগে হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়নাকে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। সে সংসার টেকেনি। ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। এরপর তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন এই গায়ক।
প্রসূন আজাদ
ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ে করেছেন ৩০ জুলাই। প্রসূন আজাদের স্বামী ফারহান পেশায় একজন ব্যবসায়ী।
সংগীতশিল্পী পুতুল
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ১৪ এপ্রিল রাতে ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার বিয়ে করেন। তার বর সৈয়দ রেজা আলী অস্ট্রেলিয়ার এটি ব্যাংকে কর্মরত ও তিনি গিটারিস্টও। এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পুতুল। মত ও আদর্শিক মিল না হওয়ায় ক’দিনের মধ্যেই দূরত্ব বাড়তে থাকে তাদের। একই বছর সেটা চূড়ান্ত রূপ নেয় বিচ্ছেদে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে তাদের বাগদানের দুই বছর পূর্তির আগে এ বছরের ১৪ মার্চ।
নাজমুন মুনিরা ন্যানসি
চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকবি মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। এরপর থেকেই দু’জনের মধ্যে হৃদ্য সম্পর্ক গড়ে ওঠে। ন্যানসি এর আগে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন। তারও আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ হয়।
মাহবুবা ইসলাম রাখি
আট বছর আগে বিনোদন জগত ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান লাক্সতারকা মাহবুবা ইসলাম রাখি। সেখানে থাকা অবস্থাতেই সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রেমে জড়ান। দেড় বছরেরও বেশি সময় প্রেমের পর ১৯ মে দুবাইতে তাদের বাগদান সম্পন্ন হয় তার। এরপর ২১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বাংলাদেশে জন্ম হলেও সাজ্জাদের বেড়ে ওঠা সিঙ্গাপুরে। সেখানেই ব্যবসার সঙ্গে জড়িত তিনি।
জিয়াউল ফারুক অপূর্ব
চলতি বছরের ২ সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। এটি অপূর্বর তৃতীয় আর শাম্মার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই দম্পতির ‘আয়াশ’ নামের এক পুত্র সন্তান রয়েছে। এর আগে, ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই তাদের ডিভোর্স হয়ে যায়।
মাহিয়া মাহি
চুপিসারে দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর তৃতীয় বিয়ের খবর দেন নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মধ্য রাতে রাকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরের এক রাজনীতিক পরিবারের সন্তান। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের ২৪ মে বিচ্ছেদের খবর জানান তারা। এরও আগে ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে।
বারিশ হক
মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হক দীর্ঘদিনের প্রেমিক আলভী রায়হান সীমান্তের সঙ্গে ১০ সেপ্টেম্বর বাগদান সারেন। এরপর অক্টোবর মাসে বিয়ে করেছেন তারা। আলভী ও বারিশ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারা প্রতিবেশীও ছিলেন। পাশাপাশি বাসায় থাকার ফলে ধীরে ধীরে পরিচয় থেকে প্রেমে রূপ নেয়। আলভী রায়হান সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে একটি ই-কমার্স কোম্পানিতে চাকরি করছেন।
বিদ্যা সিনহা মিম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মিদন ছিল ১০ নভেম্বর। জন্মদিনের বিশেষ দিনে বাগদান সারেন এই অভিনেত্রী। তার হবু স্বামীর নাম সনি পোদ্দার। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সনির সঙ্গে বান্ধবী অর্নির মাধ্যমে মিমের পরিচয় ৬ বছর আগে। তারপর বন্ধুত্ব হয়। সেখান থেকে প্রেম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
তামান্না
১৯৯৮ সালে মুক্তি পাওয়া প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ ছবিতে নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান নায়িকা তামান্না। এরপর বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেন। ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে উন্নত জীবনযাত্রার টানে পাড়ি জমান সুইডেনে। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। তামান্নার স্বামী গুজরাটি মুসলিম সুইডেনে বসবাসরত ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া। গত ২৬ নভেম্বর তাদের নিকাহ সম্পন্ন হয়।
ইলিয়াস-সুবাহ
ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আসা শাহ হুমায়রা সুবাহও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ডিসেম্বর মাসের ১ তারিখ কণ্ঠশিল্পী ইলিযাস হোসেনকে বিয়ে করেন তিনি। এর আগে তাদের মধ্যে প্রেম ছিল। অবশেষে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। বর্তমানে রাজধানীর বনানী এলাকায় নতুন সংসার সাজিয়েছেন তারা।-ইত্তেফাক

সম্পর্কিত খবর

;