‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত

প্রকাশ : 13 May 2026
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত

স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন এবং কয়েকটি দৃশ্যে অভিনয়ে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি লক্ষ্য করেন যে, তার স্থিরচিত্র সংবলিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।


অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে, নাটকের উদ্দেশ্যে ধারণকৃত দৃশ্যসমূহ সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ব্যতিরেকে চলচ্চিত্রে সংযোজনপূর্বক নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে উক্ত চলচ্চিত্রের বিষয়ে সংশ্লিষ্ট অভিনেত্রী মৌসুমী ও তার পক্ষে স্বামী ওমর সানী বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। এর প্রেক্ষিতে চলচ্চিত্রটি সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার উদ্ভব হয়েছে।


পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ধারা ৮ অনুযায়ী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’  শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এল এফ - ১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে।


এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত চলচ্চিত্র বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।


আজ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

;