জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা: প্রধান উপদেষ্টা

প্রকাশ : 07 Sep 2024
জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা:  প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৮সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।এবছর দিবসটির প্রতিপাদ্য-‘Promoting multilingual education: Literacy for mutual understanding and peace’ যা বাংলায় মূলভাব ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম হলো শিক্ষা।দেশ গড়ার প্রধান হাতিয়ারও হচ্ছে শিক্ষা।নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপনের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতা সম্পর্কে সচেতন ও উদীপ্ত করে তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা।

মায়ের ভাষায় সাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টিকরে আমাদের শিশু, কিশোর ও যুবদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।বহুভাষায় সাক্ষরতা লব্ধজ্ঞান বিভিন্ন দেশ, সংস্কৃতি ও ভাষার মধ্যে দৃঢ় মেলবন্ধন তৈরি করে।আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন মান, দেশের উন্নয়ন ও শান্তি ত্বরান্বিত হবে।এবছরের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্যতা অর্জনের দিক নির্দেশ করে।

জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা।আর শিক্ষার প্রথম সোপান সাক্ষরতা।আশা করি, সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে সদাসচেষ্ট থাকবে।এজন্য আমি জনগণকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”

সম্পর্কিত খবর

;