আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা; মাঠে ১৮ হাজারের বেশি পুলিশ

প্রকাশ : 22 Jun 2026
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা; মাঠে ১৮ হাজারের বেশি পুলিশ


স্টাফ রিপোর্টার: ঢাকা, ২১ জুন ২০২৬ খ্রি. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে দুই শতাধিক কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সব প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।


নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি ও সিটিসি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ ও আইএডি ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হবে, যেন প্রয়োজনে তারা দ্রুত অ্যাকশনে যেতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবেন।


জুন মাসে এ যাবৎ রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জুনের শুরু থেকে ২০ তারিখ পর্যন্ত বিগত ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্তে ১২১ জন, দস্যুতায় ১৩ জন ও ডাকাতি সংক্রান্তে ১২০ জনকে গ্রেফতার করেছে। ডিএমপির সকল থানা, ডিবি ও সিটিসি ইউনিটসহ জুন মাসে এ যাবৎ ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ৪ জন তালিকাভুক্ত চাঁদাবাজ। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেকোনো মূল্যে রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি পুলিশ বদ্ধপরিকর।

সম্পর্কিত খবর

;