বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ শপিংমল-মার্কেট, বিলবোর্ড ৭টায়

প্রকাশ : 12 Aug 2026
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ শপিংমল-মার্কেট, বিলবোর্ড ৭টায়


স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হয়েছে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। অর্থাৎ রাত ৮টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।


বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে, এর আগে গত ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।


নতুন নির্দেশনার আওতায় শুধু দোকানপাট নয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও পড়বে। এসব কার্যক্রমও রাত ৮টার মধ্যে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


তবে জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার বাইরে থাকবে। খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবা প্রতিষ্ঠানকে নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।


সরকারের নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থাগুলোকেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তটি জানানো হয়েছে।


বিদ্যুৎ ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানোর লক্ষ্যেই নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর ফলে সন্ধ্যার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান, মেলা ও বিভিন্ন আয়োজনের বিদ্যুৎ ব্যবহার কমানোর পাশাপাশি আলোকসজ্জা ও আলোকিত বিজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


সরকারের এই সিদ্ধান্ত ১২ আগস্ট থেকে কার্যকর হওয়ায় এখন থেকে শপিংমল, মার্কেট ও সাধারণ দোকানগুলোকে সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। রাত ৮টার পর জরুরি সেবার বাইরে থাকা এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

সম্পর্কিত খবর

;