স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সন্ধ্যা-রাত পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, পল্লবী থানা, যাত্রাবাড়ী, বনানী, মহাখালী, মিরপুর ও ভাটারা এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ধারাবাহিক নাশকতা চালানো হচ্ছে।
শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে বনানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো বাসটি পুড়ে যায়। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা বাসের জানালা দিয়ে ভেতরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বাসের কর্মীদের চেষ্টায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি। পুলিশের হিসাবে, শনিবার রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় মোট তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় সবচেয়ে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শাহবাগে, ৬টা ৪৫ মিনিটে মুক্তি ও গণতন্ত্র তোরণের নিচে এবং ডাকসু ভবনের সামনে, ৬টা ৫০ মিনিটে টিএসসি মেট্রোরেল স্টেশনের পাশে ও সিনেট ভবনের সামনে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ভিসি চত্বর, প্রশাসনিক ভবনের পাশে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে, ইউল্যাব স্কুলের সামনে ও নীলক্ষেত এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিম ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। আরেকটি সূত্রে ঢাবি এলাকা থেকে তিনজনকে আটকের কথা জানা গেছে। তাদের নাম রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ভাটারা থানা এলাকার ১০০ ফুট সড়কে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্কুলের পরিবহন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দুর্বৃত্তরা তাদের স্কুল বাসে আগুন দিয়েছে। একই সন্ধ্যায় মিরপুর-১ নম্বরে সনি হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা ঘটে মালিবাগ ও পল্লবীতে। মালিবাগ মোড়ের কাছে উড়াল সড়ক থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণের ভেতরে পার্কিংয়ে থাকা একটি গাড়ির ওপর পড়ে সেটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। একই সময়ে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার প্রাঙ্গণে ও মূল ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই দুটি ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, একটি গ্রুপ নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে এসব কাজ করছে। প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন ধরনের মোবাইল টিম কাজ করছে।
পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচির অংশ হিসেবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সোমবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটছে বলে মনে করছে পুলিশ।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত ৬ ও ৭ নভেম্বর ঢাকা ও আন্তঃজেলা রুটের ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রোববার আইজিপি আলী হোসেন ফকিরের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
সব মন্তব্য
No Comments