দিল্লিতে নরেন্দ্র মোদির কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

প্রকাশ : 12 Aug 2026
দিল্লিতে নরেন্দ্র মোদির কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে ফিরে মোদির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। 


মোদির সঙ্গে এক ঘণ্টার বৈঠক

ভারত থেকে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ভারতের পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী। তাঁদের মধ্যে আলোচনা চলে প্রায় এক ঘণ্টা। 


সূত্রগুলো বলেছে, দুই দেশের সম্পর্কের পথে থাকা কয়েকটি সংবেদনশীল বিষয়ও আলোচনায় এসেছে। ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী মোদির দিকনির্দেশনা অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা বাংলাদেশকে জানাবেন দীনেশ ত্রিবেদী। 


দিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হাইকমিশনার ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দিকনির্দেশনা চেয়েছেন। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে ‘গঠনমূলক ও জনগণকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে কী করা উচিত, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন। 


ঢাকায় ধারাবাহিক বৈঠকের পর দিল্লি সফর

কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, গত দুই দিনে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বার্তা দেওয়া হয়েছে, সেগুলোই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির কাছে তুলে ধরেন ভারতের হাইকমিশনার। 


ঢাকায় সরকারি সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে দিল্লি সফরের প্রসঙ্গও তোলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার দিল্লি সফরে অভ্যর্থনা জানাতে আগ্রহী। 


প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের বিষয়ে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় ‘সহায়ক পরিবেশ’ (ইনেবলিং এনভায়রনমেন্ট) তৈরির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘সম্পর্ক এগিয়ে নিতে যে পরিবেশ প্রয়োজন, সেটি সৃষ্টি হওয়া জরুরি’। 


কে এই দীনেশ ত্রিবেদী

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে গত এপ্রিলে নিয়োগ পান। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। 


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিল ভারত। 


তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি এবং বিজেপি নেতা। ঝরঝরে বাংলা বলেন, দক্ষ সেতারবাদক এবং দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা রাখেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়, তা ঘোচাতে তাঁকে বিশেষ বার্তা নিয়ে পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত খবর

;