তোফায়েল আহমেদসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন) শুরু হয়েছে। আজ রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম দিনে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।
তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন ছাড়াও আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল-সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।
অধিবেশনের শুরুতে চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁরা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। বাজেটের ওপরে ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে প্রস্তাব করা হয়, ২৭ থেকে ৩০ জুন এ চারদিন প্রতিদিন দুবেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির বাস্তব চিত্র জনগণ ...
স্টাফ রিপোর্টার: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজব্রত পালন শেষে গতকাল পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। আজ নয়টি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন আরো ৩ হাজার ৬৪৬ জন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ...
সব মন্তব্য
No Comments