রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার ও লাইন মেরামত শেষ হলে রাত ৯টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় মাঝের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে বগির আটটি চাকা লাইন থেকে সরে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বগি দুটি কাত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী লোকোশেড থেকে দ্রুত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পাকশী বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে লাইন মেরামত করা হয়। এরপরই প্রথমে চাটমোহর স্টেশনে আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে পঞ্চগড় এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনও পর্যায়ক্রমে গন্তব্যের দিকে রওনা হয়।
লাইনচ্যুতির কারণে ঢাকা-উত্তরাঞ্চল রুটে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ অন্তত ছয়টি ট্রেন ভাঙ্গুড়া, চাটমোহর, বড়ালব্রিজসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা জানান, উদ্ধারকাজ শেষ হলেও শিডিউল বিপর্যয়ের কারণে আজ রাতের ঢাকাগামী ও উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্বে চলতে পারে। যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লাইনে এখনো ধীরগতির নির্দেশনা রয়েছে, তাই কিছুটা সময় লাগবে স্বাভাবিক শিডিউলে ফিরতে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়া বা যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের টিকিট ফেরত বা যাত্রা বাতিলের সুযোগ দেওয়া হচ্ছে। যেকোনো তথ্যের জন্য পাকশী কন্ট্রোল রুম ০৭৩১-৬৬৩৩ এবং ঈশ্বরদী স্টেশন ০৭৩২৬-৬৩০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments