মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : 22 Jun 2026
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: আজ সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ ও ২২ জুন দুই দিনের সফরে তিনি কুয়ালালামপুর পৌঁছান। 


একান্ত বৈঠকের পরপরই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বর্তমানে প্রায় ১২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। ফলে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা খাতেও নতুন সহযোগিতা কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। 


সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হবে। 


সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।


এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবন ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি এমএমসি পোর্ট, এয়ার এশিয়া এবং পেট্রোনাস গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। 


মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চার দিনের এ সফরে ১৬টি সমঝোতা স্মারক এবং তিনটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 


সম্পর্কিত খবর

;