স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রবিবার, ২৮ জুন ২০২৬ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতায় পরিণত হয়।
সফরের বিশেষ আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
পরিদর্শনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ। সংসদ ভবনে পৌঁছে শিক্ষক-শিক্ষার্থীরা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। এরপর স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ ও সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এ সময় তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত “শুভেচ্ছা বিনিময়” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। শিক্ষার্থীরা তাঁর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। ব্রিফিং সেশনে সংসদের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবন কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। নতুন প্রজন্মকে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে এ ধরনের শিক্ষা সফর তাৎপর্যপূর্ণ। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান।
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এতদিন তারা সংসদ ভবন সম্পর্কে শুধু পাঠ্যপুস্তক ও টেলিভিশনের মাধ্যমে জেনেছেন। বাস্তবে ঘুরে দেখার সুযোগ আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এই সফর দেশ ও রাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে।
বিশেষভাবে তারা প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার বিরল সুযোগ পান। পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবরে প্রথম ধাপের ভোটগ্রহণ শ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারকে ই-লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিতে ডিজিটালাইজেশনের সুপারিশ করা হয়েছে।শ ...
স্টাফ রিপোর্টার: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের প্রভাবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্ত ...
সব মন্তব্য
No Comments