বিরোধী দলে থেকে একটি কানাকড়িও পাইনি : স্পিকার

প্রকাশ : 29 Jun 2026
বিরোধী দলে থেকে একটি কানাকড়িও পাইনি : স্পিকার

স্টাফ রিপোর্টার: বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সদস্যদের আসনে মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী বলেন, সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নকাজে ব্যয় করা হবে বলে জানান তিনি।

এ সময় বিরোধী দলের সদস্যরা কিছু বলতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরবর্তীকালে দেওয়া হবে।

এর আগে রবিবার অধিবেশনের শেষ দিকে এ বিষয়ে বিবৃতি দিতে চেয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলে তিনি পরদিন বিবৃতি দেওয়ার ঘোষণা দেন।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও কখনো কোনো বরাদ্দ পাননি। ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি। অন্য কিছু প্রাপ্তিযোগ হয়নি।

স্পিকারের প্রশংসা ॥ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাজেটের ওপর প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। তাঁর বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তিনি দেশের বিভিন্ন সমস্যা ও বাজেটের নানা দিক সংসদে তুলে ধরেছেন। বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এক ঘণ্টা দেশের বিভিন্ন সমস্যার ওপর বলেছেন, বাজেট বিষয়ে আলোকপাত করেছেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্যে ভোলার সমস্যার বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে স্পিকার বলেন, সভাপতির আসনে থাকার কারণে নিজের নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরতে পারেন না। আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে। সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশে বক্তব্যে রেখেছেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত খবর

;