স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়। তিনি এখানে দুই দিন অবস্থান করবেন।
এর আগে সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া ভিআইপি কমপ্লেক্সে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
দালিয়ানের পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। ২৪ জুন বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তব্য দিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এসব দলিলের আওতায় বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের পথ সুগম হবে।
সফরের শেষ দিন ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। একই দিন তিয়েনআনমেন স্কয়ারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে রোববার দুই দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। সফরে একটি সমঝোতা স্মারক এবং আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর তাৎপর্যপূর্ণ। কর্মকর্তারা বলছেন, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সরকারের আশা, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক সাঈদ আল নোমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলা ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার, ২২ জুন ২০২৬ রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা তুলনা ...
সব মন্তব্য
No Comments