ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশ : 06 Oct 2026
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার: ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অনুসারে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারী শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।


আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়, যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে। স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্লট খোলা থাকে।


আইভ্যাকের চলমান নির্দেশনা অনুযায়ী, বর্তমানে সব ধরনের ভিসার ক্ষেত্রে সময়-ভিত্তিক স্লট ব্যবস্থা কার্যকর রয়েছে। গত ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাক কেন্দ্রে এই স্বয়ংক্রিয় টাইম স্লট ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় আবেদনকারীরা নিজেদের পছন্দমতো সময় নির্বাচন করতে পারেন না। প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা স্লট অনুযায়ী সময় বরাদ্দ করে দেয়।


নতুন নিয়মে ওয়েবফাইল আপলোডের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। সাধারণত দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ওয়েবফাইল আপলোড করতে হয়। এরপর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট উন্মুক্ত হয়। আইভ্যাক স্পষ্ট করেছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা বা বিকৃত ফাইল আপলোড করলে তা বাতিল বলে গণ্য হবে।


এর আগে ভারত সরকার ২৮ জুন ২০২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে প্রথমে আবেদন গ্রহণ শুরু হয়। বর্তমানে ট্যুরিস্ট ভিসার জন্য কনফার্ম টিকিট জমা দেওয়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।


মেডিকেল ভিসার ক্ষেত্রে আইভ্যাক বিশেষ নির্দেশনা দিয়েছে। মেডিকেল ভিসা পাওয়া আবেদনকারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যার নাম ভিসা আবেদনে উল্লেখ ছিল। কোনো কারণে হাসপাতাল পরিবর্তন করতে হলে অবশ্যই ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এর পূর্ব অনুমতি নিতে হবে। অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।


আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ফি নেই, তবে ১৫০০ টাকা প্রসেসিং ফি দিতে হয়। ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার নামে কোনো দালাল বা তৃতীয় পক্ষকে অর্থ না দিতে এবং প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আইভ্যাক।


সম্পর্কিত খবর

;