‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’, মুখ খুললেন শাবনূর

প্রকাশ : 09 Aug 2026
‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’, মুখ খুললেন শাবনূর

স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আসা রিজভী আহমেদ ওরফে ফরহাদের বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়িকা শাবনূর। নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি রিজভীর বক্তব্যকে ‘গালগল্প ও অসত্য বয়ান’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সালমান শাহর মৃত্যু ও তাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।


শাবনূর তার পোস্টে দাবি করেন, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি একসময় আদালতে জবানবন্দি দিয়ে রাজসাক্ষী হয়েছিলেন, তিনি রিজভী আহমেদ ওরফে ফরহাদ। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন।


শাবনূর বলেন, রিজভী তখন দাবি করেছিলেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি আরও কয়েকজনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থান থেকে সরে গিয়ে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করেন।


এ প্রসঙ্গে শাবনূরের প্রশ্ন, একই ঘটনার বিষয়ে রিজভীর কোন বক্তব্যটি সঠিক? তার মতে, একই ব্যক্তি সময়ের ব্যবধানে পরস্পরবিরোধী বক্তব্য দিলে তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।


শাবনূর আরও দাবি করেন, সম্প্রতি দেওয়া পৃথক দুটি সাক্ষাৎকারে রিজভী তার সঙ্গে সম্পর্কের বিষয়ে পরস্পরবিরোধী কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন বলে দাবি করলেও অন্য সাক্ষাৎকারে তাকে নিজের সাবেক প্রেমিকা এবং ২০১৬ সালে বিয়ে করা স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন বলে শাবনূর জানান।


এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে শাবনূর বলেন, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি কখনো যুক্তরাজ্যে যাননি। একই সময়ে তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন বলেও দাবি করেন। ফলে রিজভীর কথিত বিয়ের দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।


রিজভীর বিরুদ্ধে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও নাকচ করেছেন শাবনূর। তিনি বলেন, রিজভীর নাম তিনি প্রথম শুনেছেন সালমান শাহর মৃত্যুর পর, যখন তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাই রিজভী কীভাবে তাকে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার সঙ্গে যুক্ত করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


শাবনূরের দাবি, সালমান শাহ ও তার স্ত্রী সামিরার মধ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগানো বা কূটনামি করার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের আচরণ তার স্বভাবের মধ্যে কখনো ছিল না বলেও তিনি উল্লেখ করেন।


নিজের পোস্টে রিজভীর বিভিন্ন দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন শাবনূর। তিনি রিজভীর এমন কিছু বক্তব্যের কথা উল্লেখ করেন, যেগুলো তার কাছে অবাস্তব ও অসংগতিপূর্ণ মনে হয়েছে। এসব বক্তব্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতার বিষয়টি তিনি তার ভক্ত-দর্শকদের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।


শাবনূর আরও বলেন, রিজভী একই সঙ্গে সালমান শাহর পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন এবং মামলার অন্য আসামিদের নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে রিজভী যে অভিযোগগুলো করেছেন, সেগুলো ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ বলেও উল্লেখ করেন তিনি।


সালমান শাহর মৃত্যুর ঘটনায় বর্তমানে নতুন করে আইনি প্রক্রিয়া চলছে। ২০২৫ সালের অক্টোবরে আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তে রিজভী আহমেদ ওরফে ফরহাদের পুরোনো জবানবন্দিও নথিতে রয়েছে।


মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতিও দিয়েছিলেন আদালত। পরবর্তীতে এ নিয়ে বাদীপক্ষের আবেদনসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ ২৩ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে আদালত আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


সবশেষে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সালমান কীভাবে মারা গেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। তিনি সালমানকে শুধু সহশিল্পী নয়, বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে দেখতেন বলেও উল্লেখ করেন।


সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শাবনূর বলেন, ঘটনায় কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

সম্পর্কিত খবর

;