২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

প্রকাশ : 13 Aug 2026
২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপিত হবে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।


সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাহেদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব উল্লাহ মজুমদার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।


সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত খবর

;