দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ : 09 May 2026
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।


তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব নয়। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের এখন নতুন সংগ্রামে নামতে হবে।’


শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি লড়াই শেষ হয়েছে। এখন আরেকটি লড়াই শুরু। সেটি হলো, মানুষকে দেওয়া কথাগুলো বাস্তবায়ন করা।’


তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি আগেই বলেছিলাম নির্বাচন কঠিন হবে। আপনারা প্রতিটি ধাপে তা অনুভব করেছেন। জনগণ আমাদের দল ও নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।’


ইশতেহার এখন আর শুধু দলের নয়, জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগ পর্যন্ত এটি ছিল বিএনপির ম্যানিফেস্টো। সরকার গঠনের পর এটি এখন জনগণের ইশতেহার। কারণ ৫২ শতাংশ ভোটার আমাদের ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। তাই সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখানে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়ন করতে হবে।’


তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম এমন দেশ গড়তে চাই যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে পথ চলতে পারবে।’


‘আমরা যখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন বলেছি আমরা এমন রাজনৈতিক পরিবেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, বিতর্ক করবে’, যোগ করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিএনপি সরকার। সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি যদি সহযোগিতা না করে তবে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’


সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন।


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।

সম্পর্কিত খবর

;