দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল ঢাকা

প্রকাশ : 15 Jun 2026
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল ঢাকা

স্টাফ রিপোর্টার: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ১৫ জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশ। 


পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ পক্ষ বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ হিসেবে তুলে ধরে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। 


ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 


এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, কেন এমন ঘটনা ঘটল এবং এর পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হবে। 


এদিকে ঘটনার পর কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি সূত্র বলছে, উচ্চপর্যায়ের একজন প্রতিনিধির সঙ্গে এমন আচরণ দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। 

সম্পর্কিত খবর

;