বরিশালে স্বামীকে মাটিচাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশ : 30 Jun 2026
বরিশালে স্বামীকে মাটিচাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

রাহাদ সুমন, বরিশাল অফিস: রিশালের মুলাদী উপজেলায় স্বামীকে মাটিচাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার, ২৯ জুন ২০২৬ দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে নিজ বসতঘরের পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হারুন হাওলাদারের (৫৯) লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় হারুনের ছেলে মোস্তফা হাওলাদার অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।


সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখে সন্দেহ করেন। মাটি খুঁড়ে লাশ দেখতে পেয়ে তারা থানা পুলিশকে খবর দেন। পরে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।


পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে হারুনের স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।


মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। আটক সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

;