শ্রীমঙ্গলে ৩১ শিক্ষার্থী পেলো নগদ অর্থসহ মেধা পুরস্কার

প্রকাশ : 28 Jul 2025
শ্রীমঙ্গলে ৩১ শিক্ষার্থী পেলো নগদ অর্থসহ মেধা পুরস্কার

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল  : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেছে শ্রীমঙ্গলের মাধ্যমিক শিক্ষা অফিস।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।


সোমবার (২৮ জুলাই ২০২৫) শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় এসএসসি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীদের  ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।


সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের শাহেদ গাজী, অভিভাবক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।


কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা 


শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় ৭১ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের মেয়ে কাজী আসিফা খানমসহ পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী পুরস্কারপ্রাপ্ত এসব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর উৎকর্ষতা ও সফলতা কামনা করে বলেন, এসব শিক্ষার্থীদের উদ্দেশ্য যাতে স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন চিন্তাশীল ও সৃজনশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে- সেই প্রত্যাশা করছি। তাদের জন্য নিরন্তর শুভকামনা রইলো।  


উল্লেখ্য, ৭১ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের মেয়ে কাজী আসিফা খানম ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধাবী ছাত্রী হিসাবে সর্বোচ্চ নম্বর পায়। এছাড়াও তার বিভাগ থেকে সে  জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে এইচএসসিতে উত্তীর্ণ হয়। আজ পারফরম্যান্স বেজস গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম, (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়।


সম্পর্কিত খবর

;