নির্বাচন ঘিরে বাস চলাচল নিষেধাজ্ঞা নেই

প্রকাশ : 09 Feb 2026
নির্বাচন ঘিরে বাস চলাচল নিষেধাজ্ঞা নেই

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ওই দিন এবং তার আগের দিন গণপরিবহন চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, নির্বাচনের কারণে বাস চলাচলের ওপর কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই।


রবিবার (৮ ফেব্রুয়ারি) মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলাচল স্বাভাবিক থাকবে। যদিও ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলকভাবে কম রয়েছে। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের চাপ বেশি দেখা যাচ্ছে।


ভোটের দিন বাস চলাচল প্রসঙ্গে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তবে এটি কোনো সরকারি নিষেধাজ্ঞার কারণে নয়। বেশিরভাগ চালক ও কর্মচারী ভোট দিতে ছুটি চাওয়ায় এ পরিস্থিতি তৈরি হতে পারে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতের দিকে আবার বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।


এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনের সময় যান চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।


এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এসব বিধিনিষেধের ক্ষেত্রে শিথিলতা থাকবে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পরিবহন চলাচলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।


ফলে নির্বাচন উপলক্ষে বাস চলাচল পুরোপুরি বন্ধ নয়, তবে যাত্রী সংকট ও কর্মীদের অনুপস্থিতির কারণে সীমিত আকারে সার্ভিস চালু থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

;