উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিচ্ছি: সিইসি

প্রকাশ : 29 Oct 2026
উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিচ্ছি: সিইসি

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।


এদিন বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন করেন সিইসি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সিইসি বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। তারা স্বচ্ছতায় বিশ্বাস করেন। এই উপনির্বাচনকে ছোট করে দেখা হচ্ছে না।


সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে। নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায়। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চান তারা। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।


১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জোটটির পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।


সিইসি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চান তারা। শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায়। নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়। এটা অনেক দেশের জন্য অচিন্তনীয়।


এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।


ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন।


আসনটিতে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।


উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর

;