সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ: টিআইবি

প্রকাশ : 04 Aug 2024
সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ: টিআইবি

স্টাফ রিপোর্টার:  সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, যৌক্তিক ও অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর চাপিয়ে দেওয়া সহিংসতায় দুই সপ্তাহ ধরে দেশে নজিরবিহীন ও নির্মম হত্যাকা-, ধারাবাহিক বেআইনি নির্যাতন ও নিপীড়ন, বাছবিচারহীন মামলা, যথেচ্ছ হামলা, ব্লকরেইড করে নির্বিচারে গণগ্রেফতার, অবৈধ রিমান্ড, নিরাপত্তা প্রদানের ভুয়া যুক্তিতে গোয়েন্দা কার্যালয়ে আটক ও নির্যাতন, হুলিয়া-পরোয়ানা, অনলাইন-অফলাইন হুমকিসহ সংবিধান, বাক্স্বাধীনতা ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এক  নৈরাজ্যপূর্ণ ও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে । বিভিন্ন জবাবদিহিহীন কার্যক্রমকে বৈধতা ও মূল অপরাধীদের সুরক্ষার লক্ষ্যে অসত্য বয়ান ও  নিরেট মিথ্যাচার করা হচ্ছে, যা উদ্বেগ, শঙ্কা ও আস্থাহীনতা গভীরতর করাসহ সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ অধিকতর রুদ্ধ করছে।


বেসরকারি হিসাবে শিশু-কিশোর, সংবাদকর্মী ও অন্যান্য পেশাজীবিসহ দুই শতাধিকেরও অধিক শিক্ষার্থী ও জনতাকে হত্যা করা হয়েছে, যা মূলত আইনপ্রয়োগকারী সংস্থাকর্তৃক বেআইনি, নির্বিচার ও উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত, অসামাঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়েছে মর্মে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ রয়েছে। অন্যদিকে ইতিমধ্যে শুধু রাজধানীর বিভিন্ন থানায় ২ লাখ ১৩ হাজারের বেশি আসামি করে অন্তত ২০০টি মামলা করা হয়েছে। আন্দোলনের মুখে সকল সমন্বয়ক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের কোনো ধরনের হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়েছিলো সরকার। অথচ সমস্ত নৈতিকতা ও নূন্যতম বিবেকবোধ বিসর্জন দিয়ে আজ পর্যন্ত রাতের আঁধারে নির্লজ্জভাবে শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষকে নির্বিচারে আটক করে, তুলে নিয়ে গুম করে প্রতারণামূলকভাবে বিভিন্ন মামলার আসামী করা হচ্ছে-যার সাথে তাদের দূরতম সম্পর্ক না থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। 

সম্পর্কিত খবর

;