স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। রোববার ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) এর মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
বৃহস্পতিবার ২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এশিয়ার বৃহত্তম আইভ্যাক পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রবিবার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব”।
আইভ্যাক জানিয়েছে, সোমবার ২৯ জুনের ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো রোববার আইভিএসির অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করা হবে। ভিসার জন্য সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোডের সুযোগ দেওয়া হবে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুধু বিকাল ৫টায় খোলা হবে। শুধু যারা তাদের ওয়েবফাইলগুলো সফলভাবে আপলোড করেছেন তাদের জন্য স্লট খোলা থাকবে।
ভিসা আবেদনের নতুন নিয়মে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইটে গিয়ে সাইনআপ করতে হবে। ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করার পর ইমেইল ও মোবাইল নম্বরে আলাদা ওটিপি যাবে। দুটি ওটিপি দিয়ে ভেরিফিকেশন শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ সম্পন্ন করতে হবে। বিকাল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদন ফরম পূরণ করতে হবে https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration ঠিকানায়।
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে। পরবর্তীতে সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত ছিল। ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে ভিসা কার্যক্রম আরও সীমিত করা হয়।
হাইকমিশনার জানান, প্রাথমিকভাবে পাঁচটি কেন্দ্রে ট্যুরিস্ট ভিসা চালু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম শুরু হবে। নিরাপত্তাজনিত প্রতিকূলতা সত্ত্বেও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত ছিল এবং প্রতিদিন ট্যুরিস্ট ভিসা বাদে দেড় হাজারের বেশি অন্যান্য ভিসা ইস্যু করা হচ্ছিল।
ভ্রমণ বিশেষজ্ঞরা বলছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পর্যটন খাতে দুই দেশের মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে কলকাতা, দিল্লি, আগ্রা, দার্জিলিং ও বেঙ্গালুরুর মতো জনপ্রিয় গন্তব্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়তে পারে। ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের দালাল বা অননুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন না করে সরাসরি অনুমোদিত আইভ্যাকের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
সব মন্তব্য
No Comments