জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ; উত্তপ্ত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ : 04 Aug 2026
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ; উত্তপ্ত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিনভর এসব সংঘর্ষে অন্তত কয়েক ডজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে হলের আসন (সিট) দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ থামাতে কিছু সময় বেগ পেতে হয়।


ছাত্রশিবিরের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ছাত্রশিবির পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা সৃষ্টি করছে।


এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।


একই সময়ে ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন নেতাকর্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এদিকে, চলতি বছরেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াললেখা (গ্রাফিতি) ঘিরে দুই সংগঠনের সংঘর্ষে কয়েকজন আহত হন। ওই ঘটনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়।


সর্বশেষ ঘটনাগুলোর পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সংঘর্ষের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সম্পর্কিত খবর

;