সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে যাওয়ার সুযোগ

প্রবাসীদের হজের প্রাক-নিবন্ধন শুরু

প্রকাশ : 16 Jul 2026
প্রবাসীদের হজের প্রাক-নিবন্ধন শুরু

স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অথবা বেসরকারি—যেকোনো মাধ্যম বেছে নিয়ে বাংলাদেশের হজ কোটায় পবিত্র হজ পালন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-হজ সিস্টেম www.hajj.gov.bd এর মাধ্যমে আগ্রহীরা প্রাক-নিবন্ধন করতে পারবেন। প্রাক-নিবন্ধনের সময় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ নম্বরসহ মোবাইল নম্বর এবং বাংলাদেশের ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই চলবে।


প্রাক-নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে এনআরবি (Non-Resident Bangladeshi) তথ্য দিতে হবে এবং প্রবাসের দেশের নাম উল্লেখসহ সেখানে বসবাসের বৈধ ডকুমেন্ট আপলোড করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীঘ্রই হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭ ঘোষণা করা হবে। ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্বাচন করে আগ্রহী প্রবাসীদের চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরাই হজে গমন করতে পারবেন।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের সুবিধার্থে প্রাক-নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

;