মোংলায় ঈদের ছুটিতে পরিবার কল্যাণকেন্দ্রের সার্বক্ষণিক সেবা চালু ছিলো

প্রকাশ : 05 Apr 2025
মোংলায় ঈদের ছুটিতে পরিবার কল্যাণকেন্দ্রের সার্বক্ষণিক সেবা চালু ছিলো

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা উপজেলায় ঈদের দীর্ঘ ছুটিতে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্রের সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালু ছিলো। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ উপজেলার  চাদপাই, চিলা, সুন্দরবন, সোনাইলতলা, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ পৌরসভার সদর ক্লিনিক থেকে মা এবং শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। চিলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা্ও অব্যাহত ছিলো।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, এ বছর পবিত্র ঈদ-উল ফিতরে দীর্ঘ ছুটি ভোগ করেছে দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক দীর্ঘ ছুটিকালীন সময়ে ২৮ মার্চ শুক্রবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার ৭ দিন মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ বিভিন্ন সেবা প্রদান করেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাগেরহাট জেলার মোংলা উপজেলাস্থ চাঁদপাই মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের (ইউ.এইচ এন্ড এফ.ডব্লিউ.সি) সার্বক্ষণিক সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয়ভাবে তালতলা  হাসপাতাল নামে পরিচিত এই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) জান্নাতুল ফেরদৌস তানিয়া জানান, ঈদের ছুটিতে এই কেন্দ্রে একজন গর্ভবতীকে স্বাভাবিক প্রসব সেবা ( ঈদের আগের দিন গভীর রাত্রে)  (এন.ভি.ডি) দেওয়া হয়েছে। কেন্দ্রে আগত গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), পরিবার পরিকল্পনার ১০ বছর মেয়দী আইইউডি, তিনমাস মেয়াদী ইনজেক্টটেবল পদ্ধতির সেবাসহ পরিবার পরিকল্পনার স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এছাড়া কিশোর-কিশোরীর যত্ন, মা ও শিশু স্বাস্থ্যের সেবা এবং সাধারণ রোগী সেবা দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে সকল সেবা বিনামূল্যে পাওয়া যায়। পাশাপাশি পরিবার পরিকল্পনার সকল দীর্ঘ ও স্থায়ী পদ্ধতির সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত হারে, ক্ষেত্রমত যাতায়াত/ক্ষতিপূরণ ও ফলোআপ ভাতা দেওয়া হয়ে থাকে। এই কেন্দ্র থেকে দিনে রাতে সব সময়ে সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাওয়া যায় বলে কেন্দ্রটি সাধারণ জনগণের ভরসার স্থান হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

;