কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কৃত করল আইডিএলসি

প্রকাশ : 16 Aug 2026
কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কৃত করল আইডিএলসি

ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আয়োজিত ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। রোববার (১৬ আগস্ট) রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন মো. আতিকুল ইসলাম রাব্বি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন থাইল্যান্ডের দুটি বিমান টিকিট।


এ ছাড়া বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট ৩৫ জন বিজয়ীকে ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।


বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে গ্রুপ সিএফও মাসুদ করিম মজুমদার, হেড অব অপারেশনস ইন্দ্রজিৎ মল্লিক, হেড অব ট্রেজারি নুরুল করিম পাটোয়ারী, চিফ টেকনোলজি অফিসার মো. নুরুল আলম জুয়েলসহ আইডিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ফুটবল বিশ্বকাপ চলাকালে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ ফুটবলপ্রেমী ‘কিকস্টার্ট ৩.০’-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের সময় আয়োজিত ‘কিকস্টার্ট ১.০’ ও ‘কিকস্টার্ট ২.০’-এর সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজন করা হয়।


ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরও প্রতিযোগিতাটির সঙ্গে যুক্ত করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণাগুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই ছিল এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে সেরা দল গঠন, কৌশলগতভাবে খেলোয়াড় নির্বাচন এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মাধ্যমে বাস্তব জীবনে আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চর্চার সঙ্গে তরুণদের পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।


আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, জনপ্রিয় একটি আয়োজনের সঙ্গে একই সময়ে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্টের লক্ষ্য।


তিনি বলেন, ‘আমরা আশা করি, এই আয়োজনটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে।’


আয়োজকদের মতে, ফুটবলের প্রতি তরুণদের আগ্রহকে কাজে লাগিয়ে আর্থিক সচেতনতা তৈরির এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আইডিএলসির।

সম্পর্কিত খবর

;