দৌলতপুরে যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

প্রকাশ : 07 May 2025
দৌলতপুরে যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু’র মাছের পুকুরে দূর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অমানবিক এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক। 

ক্ষতিগ্রস্থ যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু বলেন, আমার  মালিকানাধীন তিনটি চাষের পুকুরে মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে দূর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যায়। গতকাল বুধবার সকালে গিয়ে দেখি মাছ মরে পুকুরে ভাষছে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হবে।

তিনি আরো  বলেন, আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি বলে তিনি উল্লেখ করেন।

বিষ প্রয়োগ মাছ নিধনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মাছের সাথে শত্রুতার মত এমন নির্মম ও অমানবিক ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;