২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক ভ্যাকসিন কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : 12 Sep 2026
২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক ভ্যাকসিন কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।


মন্ত্রী আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাড়াগাঁও ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি'র উদ্যোগে এবং রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। তাই শিশুদের হাম থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।


হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আগেও হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব অনেক। কোনো শিশু যেন হঠাৎ করে রোগাক্রান্ত না হয়, সেজন্য নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখা হবে।


ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;