ফরিদপুরে পদ্মার তীরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ওড়নায় বাঁধা সিমেন্টের ব্লক

প্রকাশ : 15 Sep 2026
ফরিদপুরে পদ্মার তীরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ওড়নায় বাঁধা সিমেন্টের ব্লক

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির সঙ্গে থাকা ওড়নায় সিমেন্টের ভারী ব্লক ও ইট বাঁধা অবস্থায় পাওয়া গেছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ডিক্রীরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কবিরপুর এলাকায় নদীর পাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে বেলা ১১টার দিকে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল ম্যাক্সি ও ওড়না। ওড়নার সঙ্গে ভারী সিমেন্টের ব্লক ও ইট বাঁধা ছিল। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পচন ধরে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।


ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও উপস্থিত হন। পরে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহার নেতৃত্বে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সিএন্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করে মরদেহের সঙ্গে সিমেন্টের ব্লক ও ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে থাকার পর মরদেহটি ফুলে উঠে নদীর তীরে আটকে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর

;