আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় গত দুই বছরে কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এ হামলায় আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মী রয়েছেন অন্তত ২৭০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ আরও ছয় ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২২–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০১টি শিশু।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, অনাহার আর বোমাবর্ষণে গাজার শিশুরা মারা যাচ্ছে।
বেশিরভাগ শিশুই কোনো ধরনের শিক্ষার সুযোগ পাচ্ছে না এবং বেশিরভাগ স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউএনআরডব্লিউএ আরও বলেছে, ‘পুরো পরিবার, আশপাশের লোকজন এবং একটি প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয়তা ও নীরবতা এ অপরাধকাণ্ডে সহায়তা করছে। একটি যুদ্ধবিরতির জন্য কথাকে কাজে পরিণত করার এখনই সময়।’
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির মাত্রা এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেখানে এক-তৃতীয়াংশের বেশি মানুষ কয়েক দিন ধরে না খেয়ে আছেন। আর ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।
সংস্থাটি গাজায় আরও বড় মাত্রার বিপর্যয় এড়াতে প্রচুর পরিমাণে খাদ্যসহায়তা বৃদ্ধি করতে বলেছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার (১১ আগস্ট) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ৬ জন ত্রাণপ্রত্যাশীও রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments