ডেস্ক রিপোর্ট: উদীচীর প্রতিষ্ঠাকালীন সংগঠক ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগে কেন্দ্রীয় কার্যালয় ভস্মীভূত হওয়ায় তোপখানা রোডের সত্যেন চত্বরে সোমবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয় স্থাপন করে উদীচী। সেই কার্যালয়ে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। সভা সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে গোলাম মোহাম্মদ ইদু’র সাংস্কৃতিক ও সাংগঠনিক অবদান স্মরণ করেন এবং দেশের চলমান অস্থিরতা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, গোলাম মোহাম্মদ ইদু ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক আপসহীন সংগঠক। উদীচী শিল্পীগোষ্ঠী গঠনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। দেশে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক ব্যবস্থার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে গড়ে তুলেছেন সাংস্কৃতিক প্রতিরোধ।
আলোচনায় বক্তারা জানান, উদীচীর কেন্দ্রীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার পর বাধ্য হয়ে সত্যেন সেন চত্বরে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগ কেবল স্থাপনায় হামলা নয়, এটি মুক্তচিন্তা ও গণমানুষের সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, দেশে আজ গভীর অস্থিরতা বিরাজ করছে, যেখানে সংস্কৃতি ও মতপ্রকাশ সবচেয়ে বেশি আক্রান্ত। উদীচী, ছায়ানটসহ সাংস্কৃতিক সংগঠন এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মতো স্বাধীন গণমাধ্যমে হামলা ভিন্নমত দমনের স্পষ্ট বার্তা দেয়। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে এবং দেশকে গণতান্ত্রিক যাত্রা থেকে বিচ্যুত করার ষড়যন্ত্র হিসেবে নব্য ফ্যাসিবাদী গোষ্ঠী সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে।
উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন বলেন, এসব হামলা রাষ্ট্রের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
সহসভাপতি তাহমিনা ইয়াসমিন নীলা বলেন, উদীচী ও ছায়ানট গণমানুষের চেতনার ঠিকানা, এগুলোতে হামলা মানে জাতির আত্মায় আঘাত।
সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, আজ সত্য বলা অপরাধে পরিণত হচ্ছে।
কেন্দ্রীয় সদস্য মোরশেদুল হাকিম বলেন, রাষ্ট্র ব্যর্থ হলে সংস্কৃতিই হয়ে ওঠে প্রতিরোধের শেষ আশ্রয়।
সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ বলেন, নীরবতা নয়, সংগঠিত সাংস্কৃতিক প্রতিরোধই হবে এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে মোক্ষম জবাব।
আলোচনা সভা শেষে গোলাম মোহাম্মদ ইদু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments