পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ও মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাতে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় তাঁর ওপর হামলা হয়। মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার লাশ রেখে বৃহস্পতিবার সকালে সে পরীক্ষার কেন্দ্রে যায়।
নিহত আকরাম আলী (৪৫) নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত আজদার আলীর ছেলে। তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য। ওই ঘটনায় বৃহস্পতিবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় তাঁর ছেলে হাসান ইমাম হত্যা মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮), মো. শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২০), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়,সম্প্রতি আসামি নান্টু তাঁর স্ত্রীকে মারধর করেন। এর প্রতিবাদ করেছিলেন আকরাম। ওই নারী আকরামের স্ত্রীর আত্মীয়। এতে ক্ষিপ্ত হন নান্টু। তিনি আকরামের মেয়ে ও ছেলেকে ক্ষতি করার হুমকি দেন। এর পর থেকে নান্টু বখাটেদের দিয়ে আকরাম আলীর মেয়ে রাকিয়াকে উত্ত্যক্ত করাতেন। গতকাল নান্টু নিজেই তাকে গালিগালাজ করেন।
আকরাম এ বিষয়ে নান্টুর মা–বাবার কাছে নালিশ করেন। পরে রাত ১০টার দিকে নান্টু ও তাঁর সহযোগীরা নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম ও তাঁর ছেলে হাসান ইমামের ওপর হামলা করেন। ইটের আঘাতে গুরুতর জখম হন আকরাম। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে তিনি সেখানে মারা যান।
১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। নিহত আকরাম আলীর মেয়ে রাকিয়া আলফি রাজশাহী শিরোইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁদের শিক্ষার্থী রাকিয়া আলফির বাবাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নিহত আকরাম আলীর স্ত্রী মুক্তি বেগম বলেন,নান্টু মাঝেমধ্যেই স্ত্রীকে প্রকাশ্যে মারধর করেন। কিছুদিন আগে মারধর করার সময় তাঁর স্বামী ওই গৃহবধূকে রক্ষা করতে যান। এতে নান্টুর গায়ে সামান্য আঘাত লাগে। তখন থেকে সে ক্ষিপ্ত ছিল,মেয়েকে উক্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে।
মুক্তি বেগম কান্নারত অবস্থায় বলেন, ‘বাবার লাশ রেখে কেউ পরীক্ষা দিতে যেতে চায়? মেয়েটা কান্নাকাটি করে পরীক্ষা দিতে গেল। হত্যাকারীদের যেন ফাঁসি হয়।
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments