রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ
স্টাফ রিপোর্টার: গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি থেকে কোনো চাপ বা প্রলোভনে সরে আসবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, এই দাবি থেকে সরে আসতে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে, চাপও দেওয়া হচ্ছে। তবে কোনো চাপ বা প্রলোভনই তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনে জীবন যাবে, তবুও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তিনি ও তার দলের সংসদ সদস্যরা গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। এর মাধ্যমে তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও আহতদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে ১৯৭১ সাল থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।
আমীরে জামায়াত বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব তরুণ প্রজন্মের। দেশবাসীর জীবন ও রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে। তিনি বলেন, এই আন্দোলনের একক কোনো ব্যক্তি বা দল ‘মাস্টারমাইন্ড’ দাবি করলে জাতি তা গ্রহণ করবে না। তিনি জুলাই যোদ্ধাদের বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে কিংবা ঘরে চিকিৎসাধীন থাকলেও সরকার তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে না। শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের পুনর্বাসন রাষ্ট্রের কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা প্রশ্ন করেন, মাত্র পাঁচ মাসে বিরোধী দল এত ব্যস্ত হলো কেন। আমি পাল্টা প্রশ্ন করি, মাত্র পাঁচ মাসেই আপনারা এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? কেন ফ্যাসিবাদের ফটোকপি হিসেবে আবির্ভূত হলেন? এজন্যই আরেকটি বিপ্লব অনিবার্য।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার হরণ করা হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা রাজপথে থাকবেন।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, অতীতের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। সরকারকে হেলমেট বাহিনীর রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে এর পরিণতি শুভ হবে না। তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত গণভোটের গণরায় উপেক্ষার কোনো সুযোগ নেই। ক্ষমতায় থাকতে চাইলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুটি ভোটের ফলাফল মেনে তা বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, তিনি কয়েক মাস ধরে প্রধানমন্ত্রীকে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। তিনি অভিযোগ করেন, সরকারের নেতারা প্রধানমন্ত্রীর জন্য রাজনৈতিক সংকট তৈরি করছেন। একই সঙ্গে ‘রাজাকার’ ইস্যু নিয়ে নতুন করে রাজনৈতিক বক্তব্য দেওয়ারও সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সর্বত্র মানুষ গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তিনি অভিযোগ করেন, একদিকে বিরোধী দলকে দমন করা হচ্ছে, অন্যদিকে ঐক্যের কথা বলা হচ্ছে, যা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াতের আমীর সরকারের সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দিয়ে একটি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ সিদ্ধান্তের প্রশংসা করেন।
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে এর পরিণতি ভয়াবহ হবে।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি অতীতের আদর্শ থেকে সরে এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে স্বৈরাচারী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান গুম প্রতিরোধ আইন নিয়ে সমালোচনা করে বলেন, আইনের কয়েকটি ধারা গুমের শিকার পরিবারের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ অভিযোগ করেন, বিরোধী দলকে দমন করার জন্য হেলমেট বাহিনী ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি এ প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান।
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপিও সমাবেশে বক্তব্য রাখেন। বুলবুল বলেন, গণভোটের রায় উপেক্ষা করা জনগণের প্রত্যাশার পরিপন্থী এবং সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে।
ডা. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ডা. ফখরুদ্দিন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ টুটুল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি মানবিক, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প ...
স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘From Resistance to Victory: Le ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছি ...
সব মন্তব্য
No Comments