অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা আমের মুকুল যেন গ্রামবাংলার প্রান্তরজুড়ে ছড়িয়ে দিয়েছে সম্ভাবনার মিষ্টি ঘ্রাণ। প্রকৃতির এই রূপমাধুর্য শুধু চোখ জুড়ায় না, কৃষকের মনে জাগায় নতুন অর্থনৈতিক আশাবাদও।
জেলার সদর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে—ছোট-বড় প্রায় সব আমগাছেই এ বছর মুকুলের সমারোহ। কোথাও কোথাও পুরো বাগান সোনালি-সবুজ আভায় ঢেকে গেছে। মৌমাছির গুঞ্জন, হালকা সুবাস আর সকালের শিশিরে ভেজা মুকুল মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব নৈসর্গিক আবহ।
স্থানীয় কৃষকদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি। যা সম্ভাব্য ভালো ফলনের ইঙ্গিত বহন করছে। সদর উপজেলার এক সাধারণ কৃষক আমিনুল ইসলাম বলেন, “আমাদের মতো ছোট কৃষক পরিবার পুরো বছর এই সময়টার জন্য অপেক্ষা করে। এবার গাছে গাছে যে পরিমাণ মুকুল এসেছে, তাতে মনটা ভরে গেছে। আল্লাহ ভরসা, যদি ঝড়-বৃষ্টি না হয়, তাহলে ঘুরে দাঁড়াতে পারব।”
মধুখালীর আরেক আমচাষি শহিদুল শেখের কথায়ও আশাবাদের সুর, “মুকুল আসার সময়টাতে যত্নটাই আসল। আমরা নিয়মিত গাছ পর্যবেক্ষণ করছি, প্রয়োজনমতো বালাইনাশক ব্যবহার করছি। কৃষি অফিসের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে। ভালো ফলন হলে ছেলেমেয়েদের পড়াশোনার খরচটা স্বস্তিতে চালাতে পারব।”
তবে সম্ভাবনার পাশাপাশি শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চাষিরা। হঠাৎ কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি কিংবা পোকামাকড়ের আক্রমণে মুকুল ঝরে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিচ্ছেন তারা। অনেকেই ইতোমধ্যে বাগানে পরিচর্যা জোরদার করেছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থাও ঠিকঠাক রাখছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফরিদপুরে প্রায় ২ হাজার ৩০ হেক্টর জমি ও বসতবাড়ির আঙিনায় আমচাষ বিস্তৃত। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া এখন পর্যন্ত আমের মুকুল আসার জন্য সহায়ক ছিল। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে মুকুল থেকে ফল ধারণ পর্যন্ত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএ) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, সময়মতো সুষম সার প্রয়োগ, বালাই দমন এবং গাছের গোড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মুকুল আসার পরবর্তী ১০ থেকে ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সচেতনতা বজায় রাখতে পারলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
প্রতি বছর ফরিদপুরের উৎপাদিত আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ফলে এ জেলার আম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বছর অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে উৎপাদন বাড়বে এবং বাজারে ভালো দাম মিলবে—এমন প্রত্যাশাই করছেন চাষিরা।
মুকুলে ভরা আমগাছ তাই কেবল একটি কৃষিপণ্যের সম্ভাবনাই নয়, এটি গ্রামীণ জীবনের স্বপ্ন, সংগ্রাম ও আশার প্রতীক। বসন্তের এই সময়টিতে ফরিদপুরের গ্রামগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে—আম্রকুঞ্জের সুবাসে, কৃষকের চোখে আগামীর স্বপ্নে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments