সাভারে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে এসে দুই যুবক গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : 01 Apr 2025
সাভারে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে এসে দুই যুবক গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলমকে খুন করতে এসে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছে দুই পেশাদার খুনী। পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায় ,সাভারের ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম সারাদিন নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় রাত সাড়ে আটটার দিকে দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবককে সন্দেহজনক ওই ভিড়ের মধ্যে ঘুরাফেরা করতে দেখে উপস্থিত জনগণ তাদের দুজনকে আটক করে। বাকি ৫/৬ জন সন্ত্রাসী এ সময় পালিয়ে যায়। আটককৃতরা হলো, সাভারের ভাড়াটে খুনী হিসেবে পরিচিত বনপুকুর এলাকার পারভেজ ও বাশার। তারা এর আগে আরো তিনটি খুন করেছে বলেও স্বীকার করেছে।পরে পুলিশের কাছে তারা স্বীকারোক্তি দেয় যে ভাড়ায় তারা বিএনপি নেতা খোরশেদ আলমকে খুন করতে এসেছিল। তাদের জবানবন্দি গ্রহণের পর তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় দুইটি জবাই করার ছুরি ও দুইটি সুইচগিয়ার উদ্ধার করা হয়। তাদের আটক করতে গিয়ে জুয়েল ও নাফি নামে দুই যুবকসহ কয়েকজন আহত হন।

অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিতভাবে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।


এ ব্যাপারে লায়ন খোরশেদ আলম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি আমাকে হত্যা করার জন্য এই ভাড়াটে খুনী পাঠিয়েছে বলে আটককৃতরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আমার একটাই অপরাধ আমি সাভারের মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলি। এ ব্যাপারে আমি প্রশাসন ও সাভারবাসীর কাছে বিচার চাই এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই। অপরদিকে ওবায়দুর রহমান অভি তার ফেসবুকে দেওয়া একটি ভিডিওতে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানায়,তাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরো বলেন, হত্যার উদ্দেশ্যে ধরা পড়া সন্ত্রাসীদেরকে তিনি চিনেন না এবং তারাও তাকে চেনে না।সাভার থানা পুলিশ ঘটনা তদন্তে তৎপর রয়েছে।

সম্পর্কিত খবর

;