নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার ডাক গণসংহতির

প্রকাশ : 19 Jul 2026
নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার ডাক গণসংহতির


স্টাফ রিপোর্টার: গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে নতুন ফ্যাসিবাদ ও ধর্মীয় মতবাদের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি।

শনিবার, ১৮ জুলাই ২০২৬ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাবনায় আয়োজিত জুলাই সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ঘোড়া স্ট্যান্ডে গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।


আবুল হাসান রুবেল বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আমাদের ন্যূনতম দাবি। কিন্তু এই সনদ বাস্তবায়ন হলেই বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটবে না। কৃষক-শ্রমিকসহ গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে। নতুন ফ্যাসিবাদের পদধ্বনি টের পাওয়া যাচ্ছে, ধর্মীয় মতবাদের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা হচ্ছে—এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”


সমাবেশে জিএসএর কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পাদক আবদুল আলিম বলেন, “জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে বিজয়ীদের ক্ষমতার ভাগাভাগিতে। তারা সারাদেশে পরাজিতদের মতো করেই ক্ষমতা দখল করতে বিভাজনের রাজনীতি করছে। এসবের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।”


জেলা শাখার আহ্বায়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আজহারের পরিচালনায় সমাবেশে পাবনা সদর, বেড়া ও সাঁথিয়া উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে জুলহাসনাইন বাবু বলেন, “জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণসংহতি আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে লড়েছে। রাজনৈতিক সংকট এখনো চলমান, কাজেই নতুন পর্বে এই লড়াই চালু রাখতে হবে। গণসংহতি আন্দোলন পাবনা জেলায় সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করছে।”


সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সদস্য সচিব শাজাহান আলী সবুজ, জেলা কমিটির সদস্য বেগম রোকেয়া, প্রবীণ কৃষকনেতা জাহাঙ্গীর দর্জি, পাবনা পৌর শাখার আহ্বায়ক আয়মান জান চৌধুরী, পৌর সংগঠক মীর্জা রানা, বেড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক খায়রুজ্জামান, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পাবনা জেলার সংগঠক ছাত্রনেতা ইমামুল হক ও সদর উপজেলার সদস্য কামরুন্নাহার কাকলী।


সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান সহকারে একটি মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


সম্পর্কিত খবর

;