গার্মেন্ট টিইউসি’র শ্রমিক সমাবেশ

প্রকাশ : 29 Sep 2023
No Image

স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা এবং সোয়েটার, জ্যাকার্ডসহ সকল গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে বক্তারা বলেছেন, মালিকপক্ষ মজুরি বৃদ্ধির নামে শ্রমিকের প্রকৃত মজুরি কমিয়ে দেয়ার চক্রান্ত করছে। সরকার বাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়ার পরিবর্তে নানান টালবাহানা করে চলেছে। সমাবেশ নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়ে বলেন, অক্টোবর মাসের মধ্যে মজুরি বৃদ্ধি ও নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা না করা হলে নভেম্বরে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবে শ্রমিকরা।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান ও দপ্তর সম্পাদক আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, সংগঠনের উপদেষ্টা জননেতা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, আকলিমা আক্তার ডলি, আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, ময়না আক্তার প্রমুখ।
সমাবেশে মনজুরুল আহসান খান বলেন, মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে আন্দোলন দমন করা যাবে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে অভুক্ত রেখে তীব্র শোষণ বঞ্চনার মধ্য দিয়ে উন্নয়নের গৌরব করা হচ্ছে। মানুষের খাদ্য, চিকিৎসা ও সন্তানের লেখা-পড়ার অধিকার বঞ্চিত শ্রমিকরা তাদের হক আদায় করতে রাজনৈতিক সংগ্রামে নেমেছে। তিনি সমবেত সহস্রাধিক শ্রমিকের উদ্দেশ্যে বলেন, সরকার দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধিতে ব্যর্থ হলে অতীতের মতো রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হবে।
সমাবেশে শেষে একটি বিশাল মিছিল রাজধানীর কদমফুল ফোঁয়ারা, তোপখানা রোড, পল্টন মোড় হয়ে মুক্তিভবনে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর

;