আজকের গুরুত্বপূর্ণ সংবাদ

প্রকাশ : 16 Oct 2025
আজকের গুরুত্বপূর্ণ সংবাদ

শাহ আলম ডাকুয়া:

আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর-২০২৫। বাংলাদেশসহ বিশে^ ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।


১.

আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার বদলে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

২.

চট্টগ্রাম ইপিজেডে আগুন বাড়ছে, ঝুঁকিতে আশপাশের কারখানা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় লাগা আগুন বাড়ছে। আগুনের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছেন সেখানকার কর্তৃপক্ষ।

৩.

শুক্রবার জুলাই সনদ সই, ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) সই হবে জুলাই জাতীয় সনদ ২০২৫। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে এসময় কোনও প্রকার ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।   

 ৪.

৫ বছরে পাসের হার কমেছে প্রায় ৪০ শতাংশ

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় ২০ শতাংশ। এবার ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ লাখ ২৬ হাজার, ফলে সামগ্রিক পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে- যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। গত পাঁচ বছরে পাসের হার কমেছে প্রায় ৪০ শতাংশ।

পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে,  ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ধারাবাহিকভাবে কমছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৬৪ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর এবার ২০২৫ সালে এসে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৫৭ দশমিক ১২ শতাংশে।

৫.

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

৬.

অক্টোবরের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ৯ মাসের চেয়ে চলতি অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের হার ভয়াবহ রকম বেশি। মৃত্যুর সংখ্যাও বেশি। এ মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া যায়।

৭.

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। দ্য পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা হচ্ছে। প্রতিবেদনে এক সক্রিয় ও এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে যে এই তিন দেশই এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিক সম্মতি মিলেনি।

৮.

ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ছে, সাহায্যের জন্য ট্রাম্পের কাছে যাচ্ছেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের এ পর্যায়ে আরও সামরিক সহায়তা নিশ্চিত করতে শুক্রবার (১৭ অক্টোবর) ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। তাদের এই সাক্ষাৎটি এমন সময়ে হচ্ছে যখন কিয়েভ ও মস্কো উভয়ই শক্তিশালী আক্রমণের মাধ্যমে যুদ্ধকে আরও তীব্র করছে। ন্যাটো একের পর এক আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

৯.

সেমিফাইনালে বাংলাদেশের জারিফের ছন্দপতন

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশ। প্রত্যাশা জাগিয়ে টুর্নামেন্টের শেষ চারে গেলেও ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে পারলেন না স্বাগতিক তারকা জারিফ আবরার। সেমিফাইনালে তাকে থামিয়েছেন থাইল্যান্ডের আরিয়াফল লিকুল। সরাসরি সেটে জয় পেয়ে ফাইনালে উঠেছেন তিনি।

জারিফ গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বাছাইয়ের সঙ্গে জিতেছিল। আজ তার প্রতিপক্ষ ছিল সপ্তম সীডেড খেলোয়াড়। স্বাভাবিকভাবে জারিফ ফেভারিট ছিল এবং ভালো কিছুর প্রত্যাশায় ছিল টেনিস অঙ্গন। সেমিফাইনালে সবাইকে বিস্মিত করে জারিফ সরাসরি সেটে হেরেছেন। প্রথম সেটে ১-৬ গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি (৪-৬ গেম)।


১০.

ঘুমের মধ্যে মারা গেলেন বলিউড অভিনেত্রী মধুমতী

ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী। বুধবার (১৫ অক্টোবর) রাতের দিকে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধুমতী। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রর মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

সম্পর্কিত খবর

;