শিশু নিখোঁজ রোধের দাবিতে গৃহ শ্রমিক ইউনিয়নের সমাবেশ

প্রকাশ : 05 Sep 2026
শিশু নিখোঁজ রোধের দাবিতে গৃহ শ্রমিক ইউনিয়নের সমাবেশ

স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।


আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় প্রেসক্লাব, ঢাকায় ময়না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা শিশু নিখোঁজের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গৃহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।


সমাবেশে বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক গৃহ শ্রমিক দীর্ঘদিন ধরে শ্রমের ন্যায্য মূল্য, কর্মঘণ্টা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সাপ্তাহিক ছুটি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। একই সঙ্গে গৃহ শ্রমিকদের ওপর নির্যাতন, হত্যা ও বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, নিখোঁজ শিশুদের উদ্ধারে কার্যকর ও সমন্বিত উদ্যোগ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।


সমাবেশ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গৃহ শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। দাবিগুলো হলো:


*গৃহ শ্রমিকদের ১১ দফা দাবি*

1.  *মজুরি বোর্ড গঠন*: অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে মানবিক জীবনযাপনের উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন।

2.  *শ্রম অধিকার নিশ্চিত*: কর্মঘণ্টা, নিয়োগপত্র, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শ্রম আইনের পূর্ণ অধিকার এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার।

3.  *কল্যাণ তহবিল সহায়তা*: শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহজ শর্তে সহায়তা। ইউএনও ও সিটি কর্পোরেশনের সুপারিশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার।

4.  *প্রশিক্ষণ*: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা মাসে একবার এবং গৃহ শ্রমিকদের জন্য উন্নত প্রশিক্ষণ।

5.  *প্রবাসে কর্মসংস্থান*: প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সুদবিহীন ঋণ ও উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থান।

6.  *হত্যার বিচার*: সকল গৃহ শ্রমিক হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন।

7.  *মাতৃত্বকালীন ছুটি*: নারী গৃহ শ্রমিকদের ৬ মাসের প্রসূতিকালীন ছুটি ও সুবিধা এবং সবার সাপ্তাহিক ছুটি।

8.  *শিশু লালন কেন্দ্র*: গৃহ শ্রমিকদের শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিশু লালন-পালন কেন্দ্র।

9.  *আবাসন*: বস্তিবাসীসহ সকল গৃহ শ্রমিকের জন্য কলোনি নির্মাণ করে আবাসন।

10. *রেশনিং*: গৃহ শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে রেশনিং ব্যবস্থা।

11. *হেল্পলাইন*: জরুরি সহায়তা ও অধিকার সুরক্ষায় ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা।


সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আল কাফি রতন, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের উপদেষ্টা খান আসাদুজ্জামান মাসুম, পরিচালক পরিষদের সদস্য শাখারভ হোসেন সেবক প্রমুখ। সঞ্চালনা করেন পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম রবি।

সম্পর্কিত খবর

;