গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু ২৩

প্রকাশ : 04 May 2026
গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু ২৩

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে ৮ জন এবং সন্দেহজনকভাবে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে সকাল ৮টা থেকে ৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১ হাজার ৩০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।


হাসপাতাল সংশ্লিষ্ট তথ্যে জানানো হয়, এ পর্যন্ত মোট ২৮ হাজার ৮৪২ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫২ জন নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছেন। একই সময়ে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে সন্দেহজনকভাবে ১১ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জাতীয় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জিত হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। তাই অভিভাবকদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

;