স্টাফ রিপোর্টার: সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৯ম গ্রেডের ৮ম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে গত ২১ মে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি শাখা-১ থেকে এ প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এই সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের নির্ধারিত মূল বেতনের ওপর কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। অর্থাৎ চাকরির মেয়াদকালে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে। তবে সরকারি চাকরির প্রচলিত বিধান অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য অনুমোদিত ভাতা প্রযোজ্য হলে তারা তা পাবেন। আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব এবং নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগ দিতে পারেন। এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পান তারা।
অর্থ বিভাগ স্পষ্ট করেছে, যেহেতু এসব কর্মকর্তা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন এবং বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, তাই তারা কোনো ধরনের পেনশন, আনুতোষিক, ভবিষ্য তহবিল বা অবসর-পরবর্তী আর্থিক সুবিধা পাবেন না। নির্দেশনায় আরও বলা হয়েছে, এই বেতন কাঠামো কেবলমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রযোজ্য হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রেষণ, সংযুক্তি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থায় এসব পদে দায়িত্ব পালন করলে তাদের ক্ষেত্রে এই কাঠামো প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীর ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর ৮৬ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মন্ত্রীরা আপ্যায়ন ভাতা বাবদ মাসে ১০ হাজার, প্রতিমন্ত্রীরা ৭ হাজার ৫০০ এবং উপমন্ত্রীরা ৫ হাজার টাকা পান। এছাড়া স্বেচ্ছাধীন তহবিল হিসেবে মন্ত্রীরা বছরে ১০ লাখ, প্রতিমন্ত্রীরা ৭ লাখ ৫০ হাজার এবং উপমন্ত্রীরা ৫ লাখ ৫০ হাজার টাকা পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্বাহীদের দপ্তরে নিয়োজিত ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন ও সুবিধা নিয়ে অস্পষ্টতা ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়গুলো সুস্পষ্ট হলো এবং ভবিষ্যতে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সহজ হবে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভব ...
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
সব মন্তব্য
No Comments