চলতি বছর বোনমেরু ট্রান্সপ্লান্ট শুরু করা হবে: উপাচার্য

প্রকাশ : 02 Jan 2023
চলতি বছর বোনমেরু ট্রান্সপ্লান্ট শুরু করা হবে: উপাচার্য

বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগের বর্ষবরণ অনুষ্ঠান

স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগে ‘নিউ ইয়ার সেলিব্রেশন এন্ড ইয়ার প্লান ডিকলারেশন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সোমবার দুপুর দেরটায় (২ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকে হেমাটোলজি বিভাগের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরা হয়। একই সঙ্গে নতুন বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে নতুন চিফ রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। রেসিডেন্টদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর এখানে এসে একটি ভাষণে বলেছিলেন, রক্ত শুধু দেয়া নয় রক্তের উপর গবেষণা করতে হবে। গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অচিরেই বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে। আমার সময়ে এ বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা ও বোনমেরু ট্রান্সপ্লান্ট (বিএমটি) শুরু করতে চাই। এখানে চলমান লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এজন্য সকলের দোয়া চাই।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা কিডনি ট্্রান্সপ্লান্ট নিয়মিত করছি। সুপার স্পেশালাইজড চালু করছি। হেমাটোলজি বিভাগে রোগীদের চিকিৎসায় সময় বেশী লাগার কারণে ডে কেয়ার সেন্টার চালু করার চিন্তাভাবনা করছি। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেমাটোলজি বিভাগ খোলা ও বোনমেরু ট্রান্সপ্লান্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।
উপাচার্য বলেন, আমরা হেমাটোলজিক্যাল টেস্ট, নিউবর্ন স্ক্রিনিং, এবনরমালিটি ডিটেকশন, ফিস্ট টেস্ট, কোলোরেকটরাল কারসিনোমা রোগের উপর গবেষণা করছি। গবেষণার জন্য বাজেটের বাইরে আরও ২৫ কোটি টাকা দেয়া হবে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হচ্ছে। পদ্মাসেতু ও মেট্রোরেল বাংলাদেশের বড় অর্জন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার জন্য ইয়াং জেনারেশন চিকিৎসকদের টেলি কনসালটেশন, কোলাবোরেশন ট্রেনিং প্রোগাম এবং টেলি হেলথে অংশগ্রহণ করতে হবে। এসব যদি করতে পারি তবে আমরা স্মার্ট সিটিজেন হবো, স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট হেলথ হবে। এ বছর বোনমেরু ট্রান্সপ্লান্ট (বিএমটি) করার পাশাপাশি রোবটিক সার্জারিও চালু করব। রোবটিক সার্জারি, স্টেম সেল থেরাপি ও আর্টিফিয়াল ইনটেলিজেন্স ই হল স্মার্ট বাংলাদেশের অংশ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;